কক্সবাজারে শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় ২ শুটকি ব্যবসায়ী নিহত হয়েছেন এবং আহত হন ৮জন। এদিকে শেরপুরে দুপুরে ট্রাক চাপায় শিশু নিহত হয়েছে।
রামু (কক্সবাজার): উপজেলার খুনিয়ালং রাবেতা ব্রিজের পাশে শুক্রবার সকালে ট্রাক চাপায় হিউম্যানহলারের দুই যাত্রী শুটকি ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ (৫০) ও বাদশা মিয়া নিহত হয়েছেন। এসময় আহত হন ৮জন। মোহাম্মদ উল্লাহ খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালীপালং এলাকার ঠাণ্ডা মিয়ার ছেলে ও বাদশা মিয়া মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড়খোলা এলাকার বশির আহমদের ছেলে।
শ্রীবরদী (শেরপুর): ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার গেরামারা ব্রিজের উত্তর পাশে শুক্রবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আলিফ (২) তাতিহাটী নয়াপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে।
ইত্তেফাক/আরকেজি
