রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, রেলযাত্রীর সেবার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এক সময় রেলে বরাদ্দ কম ছিল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলপথে বেশি অর্থ বরাদ্দ দিচ্ছেন যাত্রীর সেবার মান বৃদ্ধির জন্য।
শুক্রবার দুপুরে ভারতের ত্রিপুরা যাওয়ার পথে আখাউড়া স্থলবন্দরে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী আরও বলেন, আগামী দেড় বছরের মধ্যে ঢাকা-চট্টগ্রাম ডাবল লাইন নির্মাণ শেষ হবে। তখন যাত্রীরা কম সময়ে যাতায়াত করতে পারবে। বিএনপির সমালোচনা করে মুজিবুল হক বলেন, বিএনপি অতীতে হরতাল-অবরোধ দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল। তাদের আন্দোলন ব্যর্থ হয়েছে। আগামী সংসদ নির্বাচনেও বিএনপি নেত্রী ব্যর্থ হবেন।
স্থলবন্দরে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, পৌর মেয়র তাকজিল খলিফা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূইয়া, মো. মনির হোসেন বাবুল, অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন তরফদার, সিএন্ডএফ সাধারণ সম্পাদক ফোরকান খলিফা, ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ, সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম প্রমুখ।
দুপুর দুইটার দিকে তিনি আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেন। ত্রিপুরা রাজ্যের আগরতলায় রোটারিয়ানদের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন।
ইত্তেফাক/আরকেজি
