রোনালদোকে ছাড়ালেন হ্যাজার্ড

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২১:২৯

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার গুঞ্জনের মধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের নতুন রেকর্ড গড়লেন এডেন হ্যাজার্ড। গত সোমবার রাতে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির ২-০ জয়ে জোড়া গোল করেন তিনি।

বেলজিয়ামের এই তারকা খেলাটির মধ্য দিয়ে প্রিমিয়ার লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর ৮৪ গোলের রেকর্ডটি ভেঙ্গে দেন। ইংল্যান্ড ছেড়ে যাওয়ার আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রেকর্ডটি গড়েছিলেন রোনালদো।

হ্যাজার্ড চলতি মৌসুমে এ নিয়ে ১৯ গোল করলেন। চেলসির হয়ে এটাই তার নৈপুণ্য যা দুবার দেখালেন তিনি। আগেরটি ছিল ২০১৪-১৫ মৌসুমে। এছাড়াও চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে অন্য যে কোনো ফুটবলারের চেয়ে বেশি গোলের সাথে যুক্ত থাকলেন হ্যাজার্ড। ১৬ গোলের পাশাপাশি তিনি আরো ১২টি করিয়েছেন সতীর্থদের দিয়ে।

নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলাটিতে হ্যাজার্ডের একটি গোল ছিল চলতি মৌসুমের সেরা। তিনি বিপক্ষের পাঁচজনকে কাটিয়ে দুর্দান্ত দৌড়ে এগিয়ে ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করেন।

জয়টির সুবাদে কোচ মাউরিজিও সারির চেলসি তৃতীয় স্থানে উঠে এলো। চতুর্থ ও পঞ্চম স্থানে গড়িয়ে গেল টটেনহ্যাম ও আর্সেনাল। পঞ্চম স্থানে থাকা আর্সেনালের চাইতে চেলসি এখন তিন পয়েন্টে এগিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে প্রিমিয়ার লিগে সেরা চারে থাকতে হয়। যদিও ইউরোপা লিগ জিততে পারলে কোচ সারির দল এমনতিই ইউরোপের ক্লাবগুলোর শীর্ষ এই প্রতিযোগিতায় খেলতে পারবে।

এদিকে কোচ সারি জানিয়েছেন, হ্যাজার্ড যদি আসন্ন গ্রীষ্মে স্টামফোর্ড ব্রিজ ছেড়ে যেতে চান তিনি বেলজিয়টির এ সিদ্ধান্তকে সম্মান জানাবেন। গত সোমবার প্রকাশিত খবরাদিতে বলা হয়েছে, রিয়াল ২৮ বছরের এই তারকা ফরোয়ার্ডের জন্য ১০ কোটি পাউন্ড দিতে চায়। তারপরই খেলতে নেমে গোল দুটি করেন তিনি।

 কোচ সারি এ প্রসঙ্গে বলেন, ‘এডেন যদি অন্যত্র অভিজ্ঞতা নিতে চায়, তাহলে তাকে ধরে রাখা কঠিন। এডেন দুর্দান্ত একটা ম্যাচ খেলেছে। সে যখন এরকম খেলতে সক্ষম হয়, আমরাও তখন সৌভাগ্যের দেখা পাই। কারণ এর ফলে জয়টা সহজ হয়ে যায়।’

তিনি আরো বলেন, ‘১০ কোটি পাউন্ড এই বাজারে খুবই কম। আমরা গতবার প্রতিটি দর দেখেছি। ক্লাব আমার সাথে একমত (হ্যাজার্ডকে রাখার ব্যাপারে)। আমরা উন্নতির চেষ্টা করছি। আমরা চাইছি ইংল্যান্ডের অন্যতম সেরা দল হতে। এর মাধ্যমে ইউরোপেও। তারপরও আমি মনে করি আমাকে তার সিদ্ধান্তে সম্মান জানাতে হবে।’

 চেলসির সাথে হ্যাজার্ডের বর্তমান চুক্তি শেষ হবে ২০২০ সালের গ্রীষ্মে এবং সারি জানান প্রতিটি কোচই তার মতো খেলোয়াড়কে ধরে রাখতে চাইবেন। বিবিসি রেডিও ফাইভ লাইভকে তিনি বলেন, ‘এডেনের মতো খেলোয়াড় দল বদলানোর সিদ্ধান্ত নিলে সেটা হবে বিপর্যয়। একই মানের আরেকজনকে খুঁজে পাওয়া খুবই কঠিন। কারণ বর্তমান বিশ্বে এই মানের খেলোয়াড়ই আছে কেবল দুই কিংবা তিনজন।’— বিবিসি।