স্পোর্টস ডেস্ক
ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফের মতোই ইতিহাসের পাতায় উঠে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিমত সাবেক বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার জর্দি ক্রুইফের। তার মতে আধুনিক ফুটবলে ইতিমধ্যেই অমরত্ব লাভ করে ফেলেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই পর্তুগীজ। জীবনের ৩৪তম বসন্তে এসেও নিজের তরুণ দিনগুলোর মতো ছুটে চলেছেন রোনালদো। রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্তাসে পাড়ি জমানোর পর নতুন পরিবেশে এসেও সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে ২৩ গোল করেছেন এই পর্তুগীজ। চ্যাম্পিয়ন্স লিগেই শেষ ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিকে খাদের কিনারে থাকা জুভেন্তাসকে তুলেছেন কোয়ার্টার ফাইনালে।
সম্প্রতি ইতালীয় ক্রীড়াদৈনিক গ্যাজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘ফুটবলে অনেক নশ্বর খেলোয়াড়ের মাঝে কিছু অমর ব্যক্তিত্ব আছেন। আমি বলতে পারি, আমার বাবার মতো ক্রিশ্চিয়ানোকেও সবসময় স্মরণ করা হবে।’ একই পাল্লায় বার্সা অধিনায়ক লিওনেল মেসিকেও রাখছেন তিনি। ক্রুইফের ভাষায়, ‘তার সঙ্গে মেসিও আছে। কে সেরা তা উল্লেখ করার প্রয়োজন নেই। অনেক খেলোয়াড় আছে যারা দারুণ একটি মৌসুম কাটায়। কিন্তু এই দুইজন ১৫টির মতো অবিশ্বাস্য মৌসুম কাটিয়েছে।’
