স্পোর্টস রিপোর্টার
এখন পর্যন্ত একমাত্র নিউজিল্যান্ডই বিশ্বকাপের জন্য নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করে দিয়েছে। বাকি দলগুলো অপেক্ষায় আছে। আগামী ২৩ এপ্রিল আইসিসির কাছে বিশ্বকাপের ১৫ সদস্যের দল জমা দেওয়ার ও ঘোষণা করার শেষ দিন। তার আগে বিভিন্ন দল নিজেদের দল ঘোষণার তারিখটা জানিয়ে দিয়েছে।
বাংলাদেশ তাদের দল ঘোষণা করবে ১৮ এপ্রিল। ২২ এপ্রিল শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ১ মে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে। ২২ মে আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের খেলোয়াড়দের বড়ো অংশই মোটামুটি অনুমান করা যাচ্ছে। মাত্র জনা দুয়েক খেলোয়াড়ের জায়গা নিয়ে সংশয় আছে। আর সে জন্যই ১৮ তারিখ পর্যন্ত অপেক্ষা করবে তারা।
আইসিসি র্যাংকিংয়ের দুই নম্বরে থাকা ভারত তাদের দল ঘোষণা করবে ১৫ এপ্রিল। ভারতীয় খেলোয়াড়রা এখন ব্যস্ত আইপিএলে, তাদেরও দল মোটামুটি চূড়ান্ত। গত কয়েকটা সফরে তারা ঘুরিয়ে ফিরিয়ে একই দল খেলাচ্ছে। ফলে ভারতীয় দলেও কোনো চমক থাকার সম্ভাবনা খুব একটা নেই। একমাত্র ৪ নম্বরে কে খেলবেন, সে নিয়ে একটা আলোচনা আছে দলটিতে।
পাকিস্তান ইতোমধ্যে একটা প্রাথমিক দল ঘোষণা করে দিয়েছে। সেই দলটা ১৫ জনে নামিয়ে আনবে তারা ১৮ এপ্রিল। ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়ন দলটির সাম্প্রতিক ফর্ম ভালো না। তাই দলে সম্প্রতি না খেলা দু একজন খেলোয়াড়কে দেখা যেতে পারে।
দক্ষিণ আফ্রিকাও ১৮ এপ্রিল দল ঘোষণা করবে। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সিরিজকে তারা বিশ্বকাপের ট্রায়াল হিসেবে দেখেছে। হাশিম আমলার ফর্মটা দক্ষিণ আফ্রিকার জন্য একটা বড়ো দুশ্চিন্তা। জেডি ডুমিনি, লুঙ্গি এনগিডির ইনজুরিও সমস্যায় রেখেছে দলটিকে। ১২ মে তাদের প্রাথমিক দলের ক্যাম্প শুরুর কথা।
আফগানিস্তানও পাকিস্তানের মতো ২৩ সদস্যের একটা দল ঘোষণা করে ফেলেছে। তবে চূড়ান্ত দল কবে দেবে, সেটা জানায়নি তারা। বিশ্বকাপের আগে আগে অধিনায়কত্ব থেকে আসগর আফগানকে সরিয়ে দিয়ে মহা সোরগোল তুলে ফেলেছে দেশটির ক্রিকেট বোর্ড। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মোহাম্মদ নবী ও রশীদ খান।
বিশ্বকাপের অন্যতম ফেভারিট ও স্বাগতিক ইংল্যান্ড এখনও প্রাথমিক দলও ঘোষণা করেনি। তারা দেশের মাটিতে খেলা বলে হয়ত শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে। ইংল্যান্ডের দল নিয়ে একটা বড়ো প্রশ্ন হলো, জোফরা আর্চার কী বিশ্বকাপ খেলবেন?
হঠাত্ করেই আবার স্বরূপে ফিরে এসেছে অস্ট্রেলিয়া। ভারতকে ভারতের মাটিতে এবং পাকিস্তানকে তাদের হোমে সিরিজ হারিয়েছে। দুরন্ত ফর্মে আছেন ফিঞ্চরা। সেই সঙ্গে নিষেধাজ্ঞা শেষ হয়ে দলে ফেরার অপেক্ষায় স্মিথ ওয়ার্নার। সবমিলিয়ে বিশ্বকাপের দল ঘোষণার কৌতূহলে সবার ওপরে থাকার কথা অস্ট্রেলিয়ার। কিন্তু এখনও তারা দল ঘোষণার তারিখ জানায়নি।
দল ঘোষণার তারিখ জানায়নি ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাও। দুটি দলেরই বর্তমান সমস্যা— এক ঝাঁক ক্রিকেটারের ফর্মহীনতা। এই শেষ সময়ে নতুন খেলোয়াড় নিয়ে পরীক্ষাতেও যাওয়ার কথা না। তবে শ্রীলঙ্কা অপেক্ষা করছে তাদের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট শেষ হওয়ার জন্য।
