অভিযোগ থেকে অব্যাহতি পেলেন অস্ট্রেলীয় সিনেটর

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২১:৫৪

 ‘এগ বয়’কে সতর্ক করা হয়েছে

বিবিসি

মাথায় ডিম ভাঙার প্রতিক্রিয়ায় তরুণকে মারধর করার অভিযোগ থেকে অস্ট্রেলীয় সিনেটর ফ্রেজার অ্যানিংকে অব্যহতি দিয়েছে দেশটির পুলিশ। আর ‘এগ বয়’ নামে খ্যাত তরুণকে সতর্ক করা হয়েছে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা নিয়ে অস্ট্রেলিয়ার ডানপন্থি সিনেটর ফ্রেজার মুসলিম-বিদ্বেষী মন্তব্য করেছিলেন। মন্তব্যের ঘটনায় তার মাথায় ডিম ভাঙেন এক তরুণ। তাত্ক্ষণিকভাবে ওই তরুণকে এলো-পাথাড়ি চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারেন সিনেটর ফ্রেজার। পরে এক নিরাপত্তা কর্মকর্তা ফ্রেজারকে সরিয়ে নেন। এই ঘটনাটির ভিডিও অনলাইনে ভাইরাল হয়। সিনেটর ফ্রেজার, না তরুণ দায়ী, তা নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক শুরু হয়।

এ বিষয়ে করণীয় নিয়ে গতকাল দেশটির পুলিশ সিদ্ধান্ত জানায়, সিনেটর ফ্রেজার ও তরুণ, দুইজনের কারও বিরুদ্ধেই অভিযোগ আনা হবে না। পুলিশ বলেছে, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সিনেটর ফ্রেজারের আচরণকে আত্মরক্ষামূলক হিসেবে বিবেচনা করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ আনার কোনো যুক্তি পাওয়া যায়নি। তবে ১৭ বছর বয়সী তরুণকে পুলিশ আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দিয়েছে।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের সিনেটের ফ্রেজার। ক্রাই-স্টচার্চে সন্ত্রাসী হামলার পর তিনি একটি বিবৃতি দেন। এতে বলেন, বামপন্থি রাজনীতিক ও গণমাধ্যম ক্রাই-স্টচার্চের হামলার জন্য আগ্নেয়াস্ত্র আইন বা জাতীয়তা-বাদী চিন্তাভাবনাকে দোষারোপ করবেন। তবে এটি খুবই গতানুগতিক চিন্তা। ক্রাইস্টচার্চ হামলার পেছনে দায়ী মূলত মুসলিম অভিবাসন।

সঙ্গে সঙ্গে নিন্দার ঝড় বয়ে যায় সারা বিশ্বে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মেলবোর্নের মুরাবিন আবাসিক এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক তরুণ ফ্রেজারের মাথায় একটি ডিম ভাঙেন।