আসামে গো-মাংস বিক্রি করায় এক মুসলিমকে নির্যাতনের অভিযোগ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২১:৫৯

ভারতের আসামে গরুর মাংস বিক্রির অভিযোগে এক মুসলিম ব্যক্তিকে নির্যাতন ও হেনস্থা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। রবিবার রাজ্যটির বিশ্বনাথ জেলায় ঘটনাটি ঘটেছে বলে সংশ্লিষ্ট মামলার প্রতিবেদনের বরাতে জানিয়েছে এনডিটিভি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে প্রবীণ ওই ব্যক্তিকে জলকাদার মধ্যে হাঁটু গেড়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি-মিনতি করতে দেখা গেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনায় জড়িত সন্দেহে অন্তত পাঁচ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। কয়েকটি সূত্র জানিয়েছে, স্থানীয়রা ৬৮ বছর বয়সী শওকত আলীকে রাস্তায় ফেলে পিটিয়েছে এবং শাস্তি হিসেবে জোর করে শুকরের মাংস খাইয়েছে। শওকত আলীকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করে চিকিত্সা দেওয়া হচ্ছে। এনডিটিভি ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা ও ওই ব্যক্তির ওপর উত্তেজিত জনতা হামলা চালিয়েছে কি না তা নিশ্চিত করতে পারেনি। জেলা পুলিশের ভাষ্য অনুযায়ী, পৃথক দুটি এফআইআর দায়ের করা হয়েছে, এর মধ্যে একটি শওকত আলীর ভাইয়েরা দায়ের করেছেন।

ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ভিডিওতে যাদের দেখা গেছে তাদের খোঁজ করছে বলে জানিয়েছে সূত্রগুলো। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, উত্তেজিত জনতা শওকত আলীকে হুমকি দেওয়ার সময় জিজ্ঞেস করে, তার গরুর মাংস বিক্রির লাইসেন্স আছে কি না এবং সে বাংলাদেশ থেকে সেখানে গিয়েছি কি না। চারপাশে জড়ো হওয়া লোকজনের মধ্যে একজন জিজ্ঞেস করে, “আপনি কি বাংলাদেশি? নাগরিক তালিকায় আপনার নাম আছে?” অবৈধ লোকজনকে তাড়ানোর জন্য নাগরিক তালিকা (এনআরসি) প্রণয়নের কাজ করেছে আসাম। গত বছর প্রকাশিত চূড়ান্ত খসড়া তালিকা থেকে ৪০ লাখ লোকের নাম বাদ পড়েছিল।

সোমবার প্রকাশিত নির্বাচনী ইশতেহারে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি অগ্রাধিকারের ভিত্তিতে ‘দ্রুততার সঙ্গে’ নাগরিক তালিকার কাজ শেষ করবে বলে জানিয়েছে। আগামী ১১ এপ্রিল ভারতে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে। কয়েক পর্বে বিভক্ত এই নির্বাচনের প্রথম পর্বেই তেজপুর লোকসভা আসনের অন্তর্ভুক্ত বিশ্বনাথে ভোট গ্রহণ করা হবে।