বর্ণাঢ্য আয়োজনে ৫০-এ পা উদীচীর

আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ০২:৩৭

বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠার ৫০ বছরে পা দিলো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী। উদীচীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সুবর্ণজয়ন্তীতে পদার্পণ উপলক্ষে সারাদেশে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। গতকাল রবিবার বিকালে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনের উন্মুক্ত প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উত্সবের উদ্বোধন করেন প্রবীণ কৃষকনেতা কাজী সোহরাব হোসেন। উপস্থিত ছিলেন উদীচীর সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ।

‘চলছি তো অবিরাম মানুষের মিছিলে, লড়ছি তো মুক্তির শপথে’ শ্লোগান নিয়ে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে দলীয় সংগীত “আরশির সামনে একা একা দাঁড়িয়ে” পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। এর পরপরই ঢাকের তালে তালে নেচে ওঠেন প্রাঙ্গণে উপস্থিত উদীচীর শিল্পী-কর্মীসহ সবাই। বিকাল পাঁচটায় শওকত ওসমান স্মৃতি মিলনায়তনের ভেতরে শুরু হয় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। এ পর্বের শুরুতেই দেখানো হয় সদ্য প্রয়াত, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী ও উদীচীর উপদেষ্টা কমরেড জসিম উদ্দিন মণ্ডলের জীবনীর উপর প্রামাণ্যচিত্র “ফায়ারম্যান”।

এরপরে ছিল আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতি মাহফুজা খানম, অধ্যাপক নিরঞ্জন অধিকারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, শিল্পী আনোয়ার হোসেন, গোলাম মোহাম্মদ ইদু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।

তৃতীয় পর্বে ছিল বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা। উদীচীর সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমামের সঞ্চালনায় শুরুতে দলীয় সংগীত পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের শিল্পীরা। এরপর একক সংগীত নিয়ে মঞ্চে আসেন গণসংগীত শিল্পী সোহানা আহমেদ। দলীয় পরিবেশনায় অংশ নেন বহ্নিশিখা এবং ঋষিজ শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। ছিল গণসংগীত শিল্পী ফকির শাহাবুদ্দিনের একক পরিবেশনা। “হেই সামালো ধান হো, কাস্তেটা দাও শান হো” গানটির সাথে দলীয় নৃত্য পরিবেশন করেন উদীচীর নৃত্যশিল্পীরা। এছাড়াও, অনবদ্য একক পরিবেশনা নিয়ে মঞ্চে উপস্থিত হন ভারতের পশ্চিমবঙ্গের গণসংগীত শিল্পী অসীম গিরি।

চারুশিল্পী ও আলোকচিত্র শিল্পীদের স্মরণে অনুষ্ঠান

বাংলাদেশের প্রয়াত চারুশিল্পী ও আলোকচিত্র শিল্পীদের স্মরণে ‘স্মৃতি সত্তা ভবিষ্যত্’ শিরোনামে ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে শিল্পকলা একাডেমিতে। একাডেমির চারুকলা বিভাগের উদ্যোগে গতকাল সন্ধ্যায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হয়।

উদ্বোধনী সন্ধ্যায় শিল্পাচার্য জয়নুল আবেদিন ও পটুয়া কামরুল হাসানকে স্মরণ করা হয়। এতে শিল্পী মুস্তাফা মনোয়ার সভাপতিত্ব করেন। জয়নুল আবেদিন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন শিল্পসমালোচক মইনুদ্দিন খালেদ এবং আলোচনায় অংশ নেন অধ্যাপক বুলবন ওসমান ও শিল্পসংগ্রাহক ময়নুল আবেদিন। পটুয়া কামরুল হাসানের উপর প্রবন্ধ উপস্থাপন করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক এবং আলোচনায় অংশগ্রহণ করেন শিল্পী নিসার হোসেন ও সুমনা হাসান। আজ সোমবার সন্ধ্যা ৬টায় একই মিলনায়তনে স্মরণ করা হবে খ্যাতিমান শিল্পী শফিউদ্দীন আহমেদ ও শিল্পী এস এম সুলতানকে।

ইত্তেফাক/নূহু