বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ফুড সেফটি ডিগ্রি বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদের ফুড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা। রবিবার দুপুরে ওই অনুষদে তালা ঝুলিয়ে ও সকল ক্লাস বর্জন করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের অবস্থান ধর্মঘট পালন করে।
জানা গেছে, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অধীনে ফুড সেফটি ম্যানেজমেন্ট বিভাগ খোলা হয়। এ বিভাগ থেকে ফুড সেফটিতে চার বছরের অনার্স ডিগ্রি দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে ফুড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা বলেন, গত ১৫ বছর ধরে কৃষি প্রকৌশল অনুষদ থেকে ফুড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হচ্ছে। নতুন যে ডিগ্রি খোলার সিদ্ধান্ত হয়েছে তার পাঠ্যক্রমের ৮০ ভাগ আমাদের সাথে মিল রয়েছে। নতুন করে অন্য ডিগ্রি দেওয়া আমাদের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। যদি ডিগ্রি দিতেই হয় তবে কৃষি প্রকৌশল অনুষদ থেকে দিতে হবে।
বিক্ষোভে ফুড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা বলেন, আমাদের সাংঘর্ষিক এ নতুন ডিগ্রি খোলার সিদ্ধান্ত বাতিল করতে হবে। সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার একই দাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ করে অনুষদে তালা এবং মানববন্ধন করে শিক্ষার্থীরা।
ইত্তেফাক/নূহু
