মানিকগঞ্জে মন্দির অপসারণের মামলায় আটক ৬

আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৫:৫৬
 
মানিকগঞ্জের শিবালয়ে শীলপাড়া সার্বজনীন মন্দির অপসারণের ঘটনায় ছয় জনকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুর রহিম খানসহ আরো ৫০/৬০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
 
সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
 
শিবালয় থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে উপজেলার শীলপাড়ার প্রমোদ শীল ওরফে সূর্য শীলের সঙ্গে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুর রহিম খানের বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় আব্দুর রহিম খানের লোকজন ভোরে ওই মন্দিরের সব কিছু একটি ট্রাকযোগে অপসারণের চেষ্টা করে। 
 
খবর পেয়ে থানা পুলিশ মন্দিরের মালামালসহ ওই ট্রাকটিকে জব্দ করে। এরপর ওই ঘটনায় প্রমোদ শীল বাদী হয়ে রহিম খানসহ স্থানীয় আরো ৫০/৬০ জনের বিরুদ্ধে মামলা করলে থানা পুলিশ ছয় জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। 
 
শিবালয় থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ক্রয় সূত্রে আব্দুর রহিম খান ওই জমির মালিকানা দাবি করে আসছেন দীর্ঘদিন ধরে। উল্লেখিত বিষয়টি নিয়ে বেশ কয়েকবার সমাধানের চেষ্টাও করা হয়েছে। কিন্তু ভোরে রহিম খানের লোকজন ওই মন্দিরের যাবতীয় মালামাল অবৈধ ট্রাকযোগে অপসারণের চেষ্টা করে। পরে খবর পেয়ে ট্রাক ও মালামালগুলো জব্দ করা হয়। 
 
এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আব্দুর রহিম খানসহ মামলার সকল আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
 
ইত্তেফাক/কেকে