হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৃথক ঘটনায় ৬৯ লাখ ৬০ হাজার টাকা সমমূল্যের ১ কেজি ৩৯২ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
সোমবার বিকেলে ৭জন যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা মহাপরিচালক ড. মইনুল খান জানান, বিকাল পৌণে ৪টার দিকে সৌদি আরব থেকে ছেড়ে আসা বিজি রিয়াদ-০৪০ ফ্লাইটে ঢাকায় পৌঁছান ৭ যাত্রী। তারা হলেন- মুন্সিগঞ্জের মোশারফ হোসেন (৪৯), বি-বাড়িয়ার বাবুল মিয়া (২৯), টাঙ্গাইলের ফরমান আলী (২৯), মেহেরপুরের ফজলুল হক (৪৬), কুষ্টিয়ার রবিউল ইসলাম (৩৯), নরসিংদীর আলম মিয়া (৩৭) ও ফেনীর আবদুল্লা আল মাহফুজ (৪৮)।
স্বর্ণগুলো যাত্রীদের প্যান্টে, জুতায় ও মানিব্যাগে লুকায়িত অবস্থায় ছিল। গ্রিন চ্যানেল পার হওয়ার পর তাদের কাছ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এগুলো ঘোষণা ছাড়া দেশে আনা হয়েছে। উদ্ধার হওয়া ১২টি স্বর্ণবারের আনুমানিক মূল্য ৬৯ লাখ ৬০ হাজার টাকা। স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
ইত্তেফাক/এমআই
