কেন এই আবাসন সংকট?

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:১০

আবাসন সংকট বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে এক চিরপরিচিত সমস্যা। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি মারাত্মক আকার ধারণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সলিমুল্ল­াহ মুসলিম হলে সাধারণ শিক্ষার্থীরা খোলা বরান্দায় মানবেতর জীবনযাপন করে। কালবৈশাখী ঝড় ওলটপালট করে দেয় তাদের বিছানাপত্র। ছারপোকার উত্পাত সেখানে অপ্রতিরোধ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ এমনকি মাস্টার্সের শিক্ষার্থীরাও গণরুম কিংবা বারান্দায় অবস্থান করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ছেলেদের হলগুলোতে এই সমস্যা প্রকট। মেয়েদের হলগুলোতে ১ম বর্ষ থেকে সিট দেওয়ার রীতি চালু থাকলেও ছেলেদের হলে সেই রীতি উধাও হয়ে গেছে। সবাই আশার বাণী শোনাচ্ছেন আবাসিক সংকট সমাধানের। তবে কোনো এক অজানা কারণে সেই সংকট বেড়েই চলেছে। মেয়েদের হলগুলোতে হল প্রশাসনের মাধ্যমে সিট বরাদ্দ দেওয়া হয়। বাকি সবকটি হলে হল প্রশাসন সিট বরাদ্দ দেয় না।  এমনকি হলে কারা থাকছে এমন কোনো তথ্যও নেই তাদের কাছে। তাই হলগুলোতে বহিরাগতরা স্থায়ী আবাসস্থল বানিয়ে নিয়েছে। যার ফলে সৃষ্টি হয়েছে কৃত্রিম আবাসিক সংকট। যার ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা। এই আবাসন সমস্যা সমাধান করতে হলে সিট বরাদ্দের দায়িত্ব হল কর্তৃপক্ষকে নিতে হবে। আশা করি,  ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ডাকসু প্রতিনিধিরা প্রত্যেকটা হলের সিট প্রদানের দায়িত্ব হল প্রশাসনের মাধ্যমে নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করবেন।

মো. মাহবুবুর রহমান সাজিদ

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়