ব্রিটিশ পার্লামেন্টে মন্ত্রীদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ০৯:২৪
ব্রিটিশ পার্লামেন্টে এবার যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ব্রিটিশ মন্ত্রী ও কনজারভেটিভ সদস্যদের বিরুদ্ধে এমন অভিযোগের তালিকা প্রধানমন্ত্রী থেরেসা মে’র হাতে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন। 
 
জানা গেছে, ৩৬ জনের একটি তালিকা পেয়েছেন প্রধানমন্ত্রী। এর জেরে তিনি মন্ত্রীসভা ঢেলে সাজাতে পারেন। অনৈতিক আচরণের জন্য অভিযুক্ত ১৩ জন এমপির তালিকা ছড়িয়ে পড়েছে ওয়েস্টমিনিস্টারে। পদক্ষেপ চেয়ে হাউজ অব কমন্সের স্পিকার জন বারকাউকে চিঠি লিখেছেন থেরেসা মে। অভিযোগ, ওইসব মন্ত্রী এবং কনজারভেটিভ সদস্যরা কখনো পার্লামেন্টে, কখনো বা আবার নিজেদের নির্বাচনী এলাকায় নারীদের সঙ্গে অশালীন আচরণ করেছেন। 
 
১০ ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেছেন, যৌন হেনস্থার যে কোনো অভিযোগই উদ্বেগজনক। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক সদস্য বলেছেন, কনজারভেটিভদের চিফ হুইপ গ্যাভিন উইলিয়ামসন কয়েকদিন ধরে এই সব অভিযোগের তালিকা থেরেসাকে দিয়ে যাচ্ছেন। পার্লামেন্টে শুধু এ বছরেই যৌন হেনস্থার অন্তত নয়টি অভিযোগ এসেছে মেট্রোপলিটন পুলিশের কাছে। দ্য গার্ডিয়ান ও দ্য ইন্ডিপেন্ডেন্ট।
 
ইত্তেফাক/সেতু