‌‌‘রাজনৈতিক কারণেই খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন’

আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৫:৩২
 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মানবতার জন্য ত্রাণ দিতে নয়, রাজনৈতিক শো-ডাউন করতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন। 
 
মঙ্গলবার কুষ্টিয়া স্টেডিয়ামে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
 
মাহবুব উল আলম হানিফ বলেন, হত্যা-নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আসার তিন মাস পর খালেদা জিয়া দরদ দেখাতে কক্সবাজার গিয়েছিলেন। তিনি তো আসলে মানবতার জন্য যাননি, রাস্তায় রাস্তায় ফুলের শুভেচ্ছা আর রাজনৈতিক শো-ডাউন করেছেন। 
 
খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনা নিয়ে সরকার মিথ্যাচার করছে বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, তিনি তো ঠিকই বলেছেন সরকার জানে কে হামলা করেছে। কেননা, ইতোমধ্যে সরকারের কাছে অডিও রেকর্ড এসে গেছে তাতে বিএনপির কোন নেতা বলেছিল বিএনপি নেত্রীর গাড়ির ওপর যেন হামলা না নয়, হামলা করতে হবে সাংবাদিকদের গাড়ির ওপর। আইন-শৃঙ্খলা বাহিনী খুব শিগগিরই সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবে এ ব্যাপারে বিএনপি নিশ্চিত থাকতে পারে। 
 
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী, জেলা যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস
 
ইত্তেফাক/কেকে