রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রাকৃতিক মত্স্য প্রজনন ক্ষেত্র হালদায় মরে ভেসে উঠছে মা মাছ। গতকাল মঙ্গলবার সকালে রাউজান উপজেলার খলিফার ঘোনা থেকে স্থানীয় জেলেরা একটি মৃত মৃগেল মা মাছ উদ্ধার করে।
হালদায় রুই জাতীয় মাছের ডিম ছাড়ার সময় সন্নিকটে। সামনের অমাবস্যা বা পূর্ণিমার তিথিতে অনুকূল পরিবেশে ডিম ছাড়বে মা মাছ। ইতোমধ্যে হালদার উভয় পাড়ের শত শত ডিম সংগ্রহকারীরা প্রস্তুত রয়েছেন ডিম সংগ্রহের জন্য।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ও হালদা বিশেষজ্ঞ ড. মো. মনজুরুল কিবরিয়া ইত্তেফাককে জানান, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল থেকে নিয়ে আসা মাছটি দেখতে হাটহাজারীর গড়দুয়ারায় উপস্থিত হই। মৃত মা মাছটি হলো মৃগেল মাছ। এর ওজন প্রায় ৮ কেজি এবং দৈর্ঘ্য ৩৩ ইঞ্চি। মাছটির ঘাড়ে ড্রেজার বা ইঞ্জিনচালিত নৌকার পাখার আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাতে মাছটি মারা গেছে।
তিনি আক্ষেপ করে আরো বলেন, ‘মার্চের ২০ তারিখের পর ইঞ্জিনচালিত নৌকা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া থাকলেও আজও বড়ো বড়ো নৌকা চলাচল করছে। দু-এক দিনের মধ্যে ডিম ছাড়বে মা মাছ। এসব নৌচলাচল বন্ধ করা না গেলে হালদা রক্ষায় আমাদের কোনো পদক্ষেপ কাজে আসবে না।
উল্লেখ্য, ৫ মার্চ দুটি মৃত মা মাছ উদ্ধার করা হয়েছিল। এদের মধ্যে একটি ছিল ১২ কেজি ওজনের কাতল, অপরটি ৩ কেজি ওজনের আইড় মাছ।’
