রাঙ্গুনিয়ায় পাহাড় কাটার দায়ে একজনের কারাদণ্ড

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:১৬

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অবৈধভাবে পাহাড় কেটে স্থাপনা নির্মাণের সময় হাতেনাতে গ্রেফতারের পর এ দণ্ডাদেশ প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসআই রাকিবুল ইসলামসহ রাঙ্গুনিয়া থানার পুলিশ অভিযানে সহায়তা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ লোকমান (৩৫)। তার বাড়ি চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের কদমতলী গ্রামে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, সরকারি সংরক্ষিত পাহাড় কেটে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগে অভিযান চালানো হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে দণ্ডাদেশ দেয়া হয়েছে।