নির্মাণের ৫ বছর পার না হতেই সরকারি ভবনে ফাটল

আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১১:২২
 
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রশাসনিক ভবন নির্মাণের পাঁচ বছর পার না হতেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এছাড়া, উপজেলার আবাসিক ভবনগুলোরও অবস্থা একইরকম।
 
সরেজমিনে দেখা যায়, চারতলা ভবনের মূলভিত্তি প্রস্তর থেকে শুরু করে সমস্ত দেয়ালে ফাটল দেখা দিয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে গিয়ে দেখা যায় ভবনের ছাদ চুয়ে পানি পড়ছে। এছাড়া ভবনের প্রায় সকল কক্ষেরই ছাদ সংলগ্ন দেয়ালে স্যাঁতস্যাঁতে দাগ পড়েছে। পলেস্তার খসে পড়ছে অধিকাংশ দেয়ালের। ভয়ে ভয়ে আছে প্রশাসনিক ভবনে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা। অনেকে একে মৃত্যুরূপ মনে করছেন। ওয়াসরুম টয়লেট ব্যাবহার অনুপযোগী। দরজা-বেসিন ভেঙে মেজেতে পড়ে আছে। উপজেলার আবাসিক ভবনগুলোরও একই অবস্থা। বৃষ্টি এলে পুরো ভবনের ভিতরে পানিতে সয়লাব হয়ে যায়। ছাঁদ চুয়ে পানি পড়ে ভিতরে অনেকটা কাঁচা ঘরে যেমন পড়ে।
 
IMG0
 
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের কার্যাদেশ অনুযায়ী ভবনের নির্মাণ শুরু হয় ২ ফেব্রুয়ারি ২০১০ সালে। এবং কাজ শেষ হয় ১৪ আগস্ট ২০১১ সালে। এর নির্মাণ ব্যয় তিন কোটি ১৫ লাখ টাকা। নির্মাণকারী প্রতিষ্ঠান এফ ই-ডি ই জয়েন্ট ব্যাঞ্চার ২০১২ সালে স্থানীয় প্রশাসনের নিকট ভবনটি হস্তান্তর করে।
 
উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার বলেন, 'ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, তারা তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন।' প্রাথমিকভাবে তিনি নির্মাণের কাজ ডিজাইন এবং প্রকৌশলী অফিসের নির্মাণ কাজ তদারকিকে দায়ী করেছেন।
 
ইত্তেফাক/জামান