গোপালগঞ্জে ট্রাকচাপায় রাজু মৃধা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুই যুবক।আজ বুধবার দুপুরে গান্ধিয়াশুর-কালিগঞ্জ সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বড় ডোমরাশুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত রাজু গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার চিটাবাড়ি গ্রামের নরত্তোম মৃধার ছেলে।
আহত টিটো বৈদ্য (২৪) ও রথীন হালদারকে (২০) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাজেদুর রহমান জানান, রাজু, টিটো ও রাথীন মোটরসাইকেলে করেকোটালীপাড়ার ভাংগারহাট থেকে সদর উপজেলার পাটকেলবাড়ি গ্রামে আসছিলেন। এ সময় একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাজু মারা যান। এতে আহত হন অপর দুইজন।
এ ঘটনায় ট্রাকসহ চালক বসির উদ্দিন জোয়ার্দারকে আটক করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
ইত্তেফাক/কেকে
