জিআইজেড-বাংলাদেশের গবেষণা তথ্য
বিকল্প বিরোধ নিষ্পত্তিতে জোর দিচ্ছে
সরকার :আইনমন্ত্রী
ইত্তেফাক রিপোর্ট
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আদালতের বর্তমান মামলাজট কমাতে ও প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থার প্রতি সাধারণ বিচারপ্রার্থীদের আস্থা ধরে রাখতে স্বল্প খরচে মামলার দ্রুত নিষ্পত্তি, মামলার সঠিক ব্যবস্থাপনাসহ বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সরকার বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির প্রতি জোর দিয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ও জার্মান সহযোগিতা সংস্থা- জিআইজেড বাংলাদেশ কর্তৃক যৌথভাবে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কর্মশালার শুরুতে ২০১৬ সালে জিআইজেড পরিচালিত বাংলাদেশ জাস্টিস অডিটের তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। এতে বলা হয়, মাত্র ১৩ ভাগ বিচারপ্রার্থী আনুষ্ঠানিক বিচার ব্যবস্থায় বিচার প্রার্থনা করে। ৮৭ ভাগ বিচারপ্রার্থী স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির জন্য সচেষ্ট থাকে।
আইনমন্ত্রী বলেন, লিগ্যাল এইডসহ অন্যান্য মামলা ব্যবস্থাপনায় পরিবর্তন আনা প্রয়োজন যাতে বিচারপ্রার্থীরা দ্রুততম সময়ে মামলার চূড়ান্ত ফল পায় এবং বিরোধ নিষ্পত্তিতে লিগ্যাল এইডের প্রতি আস্থাশীল। তাই স্থানীয় পর্যায়ে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তি করতে আইন অনুসারে জেলা লিগ্যাল এইড অফিসারকে এডিআর এর মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য ক্ষমতা প্রদান করা হয়েছে। বিচারপ্রার্থী জনগণের কল্যাণে সরকার জেলা লিগ্যাল এইড অফিসকে এডিআর কর্নার বা ‘বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল’ হিসেবে কাজে লাগাতে আগ্রহী।
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই কর্মশালায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, জিআইজেড-এর বাংলাদেশ রুল অব ল বিভাগের প্রধান প্রমিতা সেন গুপ্ত প্রমুখ বক্তৃতা করেন।
