পুলিশের ডিজিটাল কার পার্কিং

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:২৩

বিশেষ প্রতিনিধি

পুলিশ প্রধান (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, আমাদের বড় বড় শহর বিশেষ করে রাজধানী ঢাকায় জায়গা খুব অপ্রতুল। তাই জায়গার সর্বোত্তম ব্যবহার করতে হবে। এক্ষেত্রে মাল্টিলেভেল ডিজিটাল কার পার্কিং একটি অনন্য উদ্যোগ। এর ফলে অল্প জায়গায় বেশি পরিমাণ গাড়ি পার্ক করা সম্ভব। গতকাল মঙ্গলবার আব্দুল গণি রোডে ডিএমপির কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারের পাশে ৮তলা ডিজিটাল কার পার্কিং উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, পরীক্ষামূলকভাবে এ পার্কিং স্থাপন করা হলো। পর্যায়ক্রমে বড় বড় শহরে এ ধরনের পার্কিং স্থাপন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। উল্লেখ্য, মেসার্স আজিজ এন্ড কোম্পানি লিমিটেডে ডিজিটাল কার পার্কিং নির্মাণ করেছে। এখানে ৩৪টি গাড়ি পার্ক করা যাবে। অথচ স্বাভাবিকভাবে একই পরিমাণ জায়গায় গাড়ি পার্ক করা যেত মাত্র ছয়টি।