ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে আরো দরপতন হয়েছে। আগের দুই কার্যদিবসের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবারও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। এর মাধ্যমে চলতি সপ্তাহের তিন কার্যদিবসেই বড় দরপতন হলো। শেয়ারবাজারের টানা এ দরপতনের প্রতিবাদে গতকালও রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা।
এদিন মূল্যসূচকের বড় পতনের পাশাপাশি ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ সব খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমছে। ফলে ডিএসইতে পতনের তালিকায় ২৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের নাম উঠেছে। বিপরীতে দাম বেড়েছে মাত্র ৫৭টির। আর ৫৯টির দাম অপরিবর্তিত রয়েছে। গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক আগের কার্যদিবসের তুলনায় ৫৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩১৮ পয়েন্টে নেমে যায়। আর ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকটি আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট কমে এক হাজার ৯০০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার ২৩২ পয়েন্টে অবস্থান করছে। মূল্যসূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম কমার দিনে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৫ কোটি ৯১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪১৮ কোটি টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৫২ কোটি ৯ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ৯৯ পয়েন্ট কমে ৯ হাজার ৮৭৯ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৯৩ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৫২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬২টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ২১টির।
