প্রতিবন্ধকতা নিয়েই জেএসসি'তে অংশগ্রহণ

আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ১২:০৪
 
জন্ম থেকেই আব্দুর জব্বারের দুই হাত অস্বাভাবিক। দরিদ্র ঘরে চাঁদমুখ হয়ে জন্ম নিলেও শারীরিক প্রতিবন্ধী হওয়ায় মা দুলিয়া খাতুন ও বাবা ফজলুল হকের মুখের হাসি আর সেভাবে থাকলো না। ছেলে বড় হয়ে কিভাবে জীবনধারণ করবে তা নিয়ে দুশ্চিন্তারও শেষ নেই তাদের।
 
চার সন্তানের মধ্যে আব্দুর জব্বার তৃতীয়। শাহাজাদপুর উপজেলার শৈলজানা গ্রামে ভাঙন দেখা দিলে ভিটেমাটি হারিয়ে আশ্রয় নেয় সাঁথিয়া উপজেলার তলট গ্রামের খাস জমিতে। শৈলজানা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় জিপিএ-৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হয় জব্বার। রিকশা চালিয়ে ৬ সদস্যের পরিবারের ভরণ পোষণ করতে হিমশিম খেয়ে যান ফজলুল হক। এতকিছুর মাঝেও  জব্বারের লেখাপড়ায় কোন বিঘ্ন ঘটতে দেননি তিনি। জব্বার এখন বেড়ার গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি পরীক্ষা দিচ্ছে।
 
প্রতিদিন লেখাপড়া নিয়ে এখন খুব ব্যস্ত জব্বার। জন্ম থেকেই শারীরিক অক্ষমতা নিয়ে জন্ম নেওয়া তার কাছে বিষয়টি এখন খুব স্বাভাবিক। ওই হাত দিয়েই সে দ্রুত লিখতে পারে। দ্রুত লিখতে পারে পা দিয়েও। প্রথম দুই পরীক্ষাও ভাল হয়েছে বলে জব্বার জানিয়েছে। রিকশাচালক বাবার মনে স্বপ্ন ছেলে অনেক বড় হবে। জব্বার নিজেও একজন ব্যাংক কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু দরিদ্রতার কারণে তার সে স্বপ্ন কতদূর এগিয়ে যাবে তা নিয়ে সংশয় জব্বারের বাবার মনে।
 
ইত্তেফাক/জামান