লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পিয়াস নামের চার বছরের এক শিশু নির্যাতনের ঘটনায় মূল আসামি তরিকুল ইসলাম রিফাতকে (২৫) বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার সকালে শিশুর দাদা আমির হোসেন বাদী হয়ে রিফাতের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে আসামি করে একটি মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার রাতে রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের ভূইয়ার হাট এলাকার কচিকাঁচা নিকেতনের পাশে চার বছরের ওই শিশু পিয়াসকে বস্তায় ভরে অমানুষিক শারীরিক নির্যাতন করে। পরে স্থানীয় লোকজন ওই শিশুকে গুরুতর অবস্থায় প্রথমে রায়পুর ও পরে লক্ষ্মীপুর হাসপাতালে ভর্তি করে। রিফাত একই এলাকার রেজাউল করিমের ছেলে। শিশুটির চোখে ও মুখে মারাত্মক রক্তাক্ত ফোলা জখম থাকায় ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি মো. সোলাইমান বলেন, এঘটনায় শুক্রবার সকালে থানায় এনে এজাহার নেওয়া হয়। মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে আদালতে প্রেরণ করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রিফাত একাই ঘটনাটি ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন। তবুও অন্য কেউ জড়িত আছে কী না তা তদন্ত করা হচ্ছে। জড়িত থাকলে অজ্ঞাত নামায় ওই আসামিকে গ্রেফতার করা হবে।
ইত্তেফাক/জামান
