বাংলাদেশ ও সুইজারল্যান্ডের কূটনৈতকি সম্পর্কের ৪৫ বছর পূর্ণ হলো এ বছর। এ উপলক্ষ্যে গত ২ নভেম্বর বাংলাদেশ সরকারের সহযোগিতায় সুইজারল্যান্ড দূতাবাস রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুইজারল্যান্ডের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত রেনেঁ হোলেনস্টেইন আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত রেনেঁ হোলেনস্টেইন নতুন ও উদ্ভাবনী সহযোগিতা নিয়ে অগ্রযাত্রায় বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের দীর্ঘ ও প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের ব্যাপারে আলোচনা করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে বিদ্যমান সুসম্পর্কের কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের তরুণরা ভিডিও ও মঞ্চ উপস্থাপনার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ আকাঙ্ক্ষাসমূহ অনুষ্ঠানে তুলে ধরেন। এ সময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও রাষ্ট্রদূত রেনেঁ হোলেনস্টেইন বাংলাদেশি তরুণ শিল্পীদের সহযোগিতায় সুইজারল্যান্ড দূতাবাস থেকে প্রকাশিত আলোকচিত্রবিষয়ক বই "ফোকাস অন কালচার"-এর মোড়ক উন্মোচন করেন। সংস্কৃতিমন্ত্রী বলেন, একটি বৈচিত্র্যময় ও শক্তিশালী সাংস্কৃতিক অঙ্গনই সমাজের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় দৃঢ় অবদান রাখতে পারে।
অনুষ্ঠান চলাকালে রাষ্ট্রদূত রেনেঁ হোলেনস্টেইন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদের কাছে ১৯৭২ সালের ১৩ মার্চ স্বাক্ষরিত একটি ঐতিহাসিক নথি হস্তান্তর করেন। যা বাংলাদেশ ও সুইজারল্যান্ডের সম্পর্কের এক অনন্য স্বাক্ষী। এই ঐতিহাসিক নথির মাধ্যমে সুইস সরকার বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের বিষয়টি ওই দিন আনুষ্ঠানিক ভাবে অবহিত করে।
অনুষ্ঠানটিতে সরকারের কর্মকর্তারা, আন্তর্জাতিক ও উন্নয়নসহযোগী প্রতিনিধি, ব্যবসায়ী সম্প্রদায়, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অতিথিরা 'রূপান্তর'-এর পরিবেশনায় বাংলাদেশের লোকনৃত্য এবং চিরকুট ব্যান্ডের গান উপভোগ করেন। লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, এবিবি লিমিটেড, নেসলে বাংলাদেশ লিমিটেড, নোভার্টিস বাংলাদেশ লিমিটেড ও আমরা রিসোর্সেস লিমিটেডসহ অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজিত হয়।
ইত্তেফাক/এমআই
