ফরিদপুরে সাব-রেজিস্ট্রারসহ আটজনের দণ্ডাদেশ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:৩২

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের দুদকের তদন্ত করা মামলায় জাল দলিল করার অপরাধে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে গোপালগঞ্জের কোটালিপাড়ার সহকারী সাব-রেজিস্ট্রার রবেন্দ্র নাথ বিশ্বাসকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড, জমি বিক্রেতা সভারঞ্জন রক্ত, রমেশ রক্ত, সুনীল রক্ত ও জমি গ্রহীতা প্রমানন্দ মল্লিককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড এবং দলিলের সাক্ষী নূরুজ্জামান হাওলাদার, বিল্পব দত্ত ও আলী আকবরকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ফরিদপুর দুদকের পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান জানান, কোটালীপাড়ার ৩২ শতাংশ জমির মালিক হরিপদ দত্ত। তিনি দীর্ঘদিন অনুপস্থিত থাকায় এসএ রেকর্ডে অন্য নাম লিপিবদ্ধ হয়। পরবর্তীতে ওই জমি সরকারি ভিপি সম্পদ হিসেবে গণ্য হয়; কিন্তু ২০১২ সালের ৬ জুন ওই জমির ২২ শতাংশ নিজেদের নামে দলিল করে নেয় আসামিরা। এ ঘটনায় ২০১৪ সালের ১১ মার্চ হরিপদ দত্তের নাতনি সবিতা রানি বাদী হয়ে ৯ জনকে আসামি করে কোটালিপাড়া থানায় জাল দলিলের অভিযোগে মামলা করেন। পরবর্তীতে ফরিদপুরে দুদক মামলাটি তদন্ত করে ২০১৮ সালে ২৬ ফেব্রুয়ারি চার্জশিট দেয় আদালতে।