রায়পুরে এক সপ্তাহে ১০ ডাকাতি

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:৩২

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রায়পুরের কেরোয়া ইউনিয়নে বেপরোয়া হয়ে উঠেছে ডাকাত চক্র। তারা প্রতিদিনই এক বা একাধিক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানে হানা দিচ্ছে। এসব ঘটনায় হতাহতের ঘটনাও ঘটছে। গত এক সপ্তাহে ১০টি ডাকাতি সংঘটিত হয় শুধু কেরোয়া ইউনিয়নের তিনটি গ্রামে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে কেরোয়া ইউনিয়নে ১০টি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ৩ এপ্রিল গভীর রাতে উপজেলার কেরোয়া ইউনিয়নের উত্তর-পূর্ব ও উত্তর কেরোয়া গ্রামে চার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৪ এপ্রিল রাতে ফের কয়েকটি বাড়িতে ডাকাতির চেষ্টা চালানো হয়। সর্বশেষ ৬ এপ্রিল রাতে উত্তর কেরোয়া গ্রামের এক প্রবাস ফেরত ব্যক্তির ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ১০-১২ জন ডাকাত। এ সময় পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এতে কেরোয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে রাত নামলেই ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকাবাসী। ডাকাতি প্রতিরোধে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম পুলিশসহ দফায় দফায় বৈঠক, ডিফেন্স কমিটি, ডাকাত ধরে দিতে পুরস্কার ঘোষণাসহ নানা পদক্ষেপ নিয়েও প্রতিরোধ করা যাচ্ছে না। কেরোয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান কামাল জানান, উপজেলার মধ্যে শুধু কেরোয়া ইউনিয়নে ডাকাতির ঘটনা ব্যাপক হারে বেড়েছে।

রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, হঠাত্ করে কেরোয়ায় কয়েকটি ডাকাতির ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ দিয়ে বিশেষ নজরদারি করা হচ্ছে। ডাকাতি প্রতিরোধে বিরামহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যে কোনো উপায়ে ডাকাতি বন্ধ করা হবে।