কালিয়া (নড়াইল) সংবাদদাতা
কালিয়ায় স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অ্যাডহক কমিটি গঠন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় কালিয়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় উভয়পক্ষের ১৬ জন আহত হয়েছেন। নিহতের নাম আজিজুর রহমান কটাই (৪৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মেয়াদ উত্তীর্ণ পরিচালনা পরিষদের অ্যাডহক কমিটির সভাপতি হতে চেয়েছিলেন কলাবাড়িয়া গ্রামের মৃত জহুর মোল্যার ছেলে আবুল হাসনাত। কিন্তু পরবর্তীতে গ্রামবাসীর চাপে পদটি একই গ্রামের মৃত অলিয়ার রহমানের ছেলে আবেদ শেখকে দেয়ার প্রস্তাব উঠে। কিন্তু যশোর শিক্ষা বোর্ডের সিদ্ধান্তে কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদাকে সভাপতি করে অ্যাডহক কমিটি গঠন করা হয়। এনিয়ে আবেদ পক্ষ ও কলাবাড়িয়া ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য কাইউম শিকদার পক্ষের মধ্যে দ্বন্দ্ব এবং আধিপত্য বিস্তারের লড়াইয়ে অবতীর্ণ হয় তারা। এর জের ধরে ঘটনার দিন দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের কোপ ও ছোড়া গুলিতে আবেদ শেখ ও তার ভাই আজিজুর রহমান কটাই শেখ মারাত্মক আহত হন। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কটাই শেখ রাতেই মারা যান। কলাবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসান কায়েস জানান, স্থানীয় আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে কটাই শেখ নামে একজন মারা গেছেন। নড়াগাতী থানার ওসি মো. আলমগীর কবির বলেন, জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
