নেত্রকোনায় পুনঃখনন হবে এক নদী, ছয় খাল

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:৩৪

নেত্রকোনা প্রতিনিধি

বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ এর প্রথম প্রকল্প ৬৪ জেলার অভ্যন্তরের ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্পের (প্রথম পর্যায়) আওতায় নেত্রকোনার সাত উপজেলার একটি নদী ও ছয়টি খাল খননের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড প্রকল্প তৈরি করেছে। এ জন্য ১৫ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার কাছিম খান খননের জন্য এক কোটি ৪৬ লাখ টাকা, পূর্বধলার কোকখালী খাল খননের জন্য এক কোটি আট লাখ টাকা, দুর্গাপুরের বেলতলী খাল খননের জন্য এক কোটি ৫৪ লাখ টাকা, মদনের ডুরন্দরের খাল খননের জন্য দুই কোটি ২৩ লাখ টাকা, মোহনগঞ্জের সাপমারা খাল খননের জন্য চার কোটি ২৮ লাখ টাকা, কলমাকান্দার মহাদেও নদী খননের জন্য চার কোটি ৫৬ লাখ টাকা এবং কেন্দুয়া উপজেলার বারলা খাল খননের জন্য ৫৮ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।  

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ফ্লাস ফ্লাড, অতিবৃষ্টির পানি নিষ্কাশন, এলাকার ফসল ও জানমাল রক্ষা করা, বর্ষাত্তোর সময়ে দ্রুত পানি নিষ্কাশনের সুযোগ সৃষ্টি করা, কৃষি ও মত্স্য উত্পাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচনসহ অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।