বৈদ্যুতিক সংযোগে ত্রুটি ভাণ্ডারিয়া পৌরশহরে সড়ক বাতি বন্ধ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:৩৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়া পৌর শহরের বিভিন্ন সড়কে গত দুই সপ্তাহ ধরে বাতি বন্ধ থাকার সুযোগে চুরি এবং মাদক বিক্রেতাদের আনাগোনা বেড়ে গেছে। সোমবার রাত ৯টার দিকে শহরের লক্ষ্মীপুরা গ্রামের মহল্লার আব্দুস ছালাম মুন্সীর বাড়িতে চুরি সংঘটিত হয়। চোরেরা দরজার হ্যাজবল ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার এবং আড়াই লাখ টাকার এফডিআর (চেক)সহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। এসময় ওই লোকজন বাড়িতে ছিলেন না।

ভাণ্ডারিয়া ২নং ওয়ার্ডের গৃহকর্তা মো. হাসান ইকবাল, ১নং ওয়ার্ডের মো. মাসুম মুন্সী, ছাত্রলীগ নেতা মো. আতিক মুন্সী জানান, শহরের সড়কগুলোতে অনতিবিলম্বে সড়ক বাতির ব্যবস্থা না করলে এর চেয়েও বড় ধরনের ঘটনা ঘটতে পারে।          

এবিষয়ে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম জানান, সড়ক বাতি বন্ধের বিষয়টি তার জানা নেই। যেসব এলাকায় সড়ক বাতি জ্বলছে না অবহিত করলে তিনি ব্যবস্থা নেবেন।

তবে পৌর সহায়ক কমিটি সদস্য এবং পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম স্বপন সিকদার জানান, বৈদ্যুতিক সংযোগে ক্রটি থাকার কারণে বেশ কয়েকটি এলাকার সড়ক বাতি জ্বলছে না। শিগগিরই পৌরসভা কর্তৃপক্ষ সংস্কারের উদ্যোগ নেবে।