অন্য এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
পাটগ্রাম উপজেলায় পৌরসভার নিউ পূর্বপাড়া এলাকায় রোজিনা বেগম নামের এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যা চেষ্টার ঘটনায় স্বামী আব্দুল্ল্যাহকে আটক করেছে পুলিশ।
এদিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কিশামত নিজ্জমা গ্রামে শান্তনা বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর মুখে কীটনাশক দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর স্বামী আব্দুস সালাম পলাতক রয়েছে।
জানা গেছে, সোমবার সন্ধা সাড়ে ৭টার দিকে স্বামী আব্দুল্যাহ সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে রোজিনাকে মারধর করে ও শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ সময় রোজিনার চিত্কারে এলাকাবাসী এসে আব্দুল্ল্যাহ আটক করে পুলিশকে খরর দেয় ও রোজিনাকে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করে। অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অপরদিকে, বিকেলে সাংসরিক ঝগড়া-বিবাদকে কেন্দ্র করে গৃহবধু শান্তনা বেগমকে স্বামীসহ পরিবারের লোকজন পিটিয়ে হত্যার পর মুখে কীটনাশক ঢেলে দিয়ে লাশ পাটগ্রাম হাসপাতালের বারান্দায় ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই রেজাউল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আলী সরকার বলেন, আগুনে দগ্ধ গৃহবধূ রংপুরে চিকিত্সাধীন। তার স্বামী থানায় আটক রয়েছে। পিটিয়ে নিহত গৃহবধূর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়না তদন্ত রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
