আলকাসের জোড়া গোলে বার্সার জয়

আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১০:২৩
অখ্যাত পাকো আলকাসের জোড়া গোলে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে পেয়েছে বার্সেলোনা। সেই সুবাদে লা লিগায় অপরাজিত থাকার ধারা অব্যাহত রেখেছে দলটি। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানেও নিরাপদ আছে কাতালান এই ক্লাব।
 
লা লিগায় বার্সার মাঠে সর্বশেষ ১৪ ম্যাচে জয়ের মুখ দেখেনি সেভিয়া। তবে এই ম্যাচে না জিতলেও পয়েন্ট ভাগাভাগির একটা সুযোগ এসেছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। আলকাস তা হতে দেননি। ২৪ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড মৌসুমে ষষ্ঠবারের মতো একাদশে সুযোগ পান। সেই সুযোগে বার্সায় লিওনেল মেসির ৬০০তম ম্যাচে নিজের নামটা লেখালেন নায়ক হিসেবে।
IMG0
২৩ মিনিটে লুইস সুয়ারেজের উচুঁ করে বাড়ানো বল সেভিয়ার ডিফেন্ডার সার্জি এসকুয়ের্দোর পায়ে পড়লেও তা নিয়ন্ত্রণে নিতে পারেননি। সেই বল পেয়ে মৌসুমের প্রথম গোলটি আদায় করে নেন আলকাস। বিরতির পর ৫৯ মিনিটে গুইদো পিজারের গোলে সমতায় ফেরে সেভিয়া। তবে মাত্র ৬ মিনিটের জন্য। ৬৫ মিনিটে ইভান রাকিতিচের ক্রস থেকে বার্সার জয়সূচক গোলটি এনে দেন আলকাস।
 
ইত্তেফাক/কেআই