সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:৩৭

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত এক

চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আলমসাধু চালক নিহত হয়েছেন। শহরের টাউন ফুটবল মাঠের সামনে মঙ্গলবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ইনসান আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমাইমল-বোড়াই মসজিদ পাড়ার জাফর উদ্দীনের ছেলে। ট্রাফিক পরিদর্শক মাহবুব কবীর জানান, রেলবাজার থেকে বড় বাজার অভিমুখী একটি ট্রাককে পেছন থেকে আলমসাধু ওভারটেক করতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে। লাশ সদর হাসপাতাল মর্গে রয়েছে।

কচুয়ায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা  কচুয়ায় মুক্তা (১৪) নামের এক স্কুলছাত্রী বাল্যবিয়ে থেকে মুক্তি পেয়েছে। মুক্তা স্থানীয় শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও উপজেলার দড়িয়া হায়াতপুর গ্রামের বাসিন্দা। সোমবার রাতে মুক্তার চাচাতো ভাই শাহাব উদ্দিনের (শাহ জালালের পুত্র) সঙ্গে তাকে বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। খবর পেয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুমন দে ও কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ ঘটনাস্থলে গিয়ে ছেলের পক্ষকে বালবিয়ের চেষ্টার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা ও মেয়ের পক্ষ থেকে মুচলেকা নিয়ে বিয়ের কার্যক্রম বন্ধ করে দেয়।

মঠবাড়িয়ায় খাল থেকে যুবকের লাশ উদ্ধার

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা মঠবাড়িয়ায় খাল থেকে রাজু শিকদার নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত আটটার দিকে উপজেলার বড়ো হারজী ৪৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের হক শিকদারের ছেলে। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ জানান, রাজুর নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মঙ্গলবার লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।

বরিশালে আয়কর জরিপ মতবিনিময় সভা

বরিশাল অফিস বরিশাল সিটি করপোরেশন এলাকায় আয়কর জরিপ কার্যক্রম সম্পর্কে মতবিনিময় সভা হয় সোমবার। নগরীর কর ভবনের সভাকক্ষে বরিশাল আঞ্চলিক কর কমিশনার মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল চেম্বারের প্রতিনিধিসহ নানা সমিতির নেতৃবৃন্দ ও অতিরিক্ত কর কমিশনার মো.আবুল বাসার আকন।

কলমাকান্দায় স্থানীয় গাইড ক্যাম্প উদ্বোধন 

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা কলমাকান্দায় বাংলাদেশ গার্ল-গাইড এসোসিয়েশন উপজেলা শাখার উদ্যোগে ১ম স্থানীয় গাইড ক্যাম্প উদ্বোধন হয়েছে। মঙ্গলবার কলমাকান্দা উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে স্থানীয় এমপি মানু মজুমদার তিন দিনব্যাপী স্থানীয় প্রথম গাইড ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, নারী নেত্রী ক্যামেলিয়া মজুমদার প্রমুখ।

গোমস্তাপুরে কৃষক মাঠ দিবস পালিত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের ফুরকান মোড়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয় মঙ্গলবার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য সানাউল ইসলাম শাওন। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন ও উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন।

বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সের উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি নীলফামারীতে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনের জেলা শাখার কমপ্লেক্সের উদ্বোধন হয়েছে মঙ্গলবার। শহরের সার্কিট হাউস সড়কে অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয়ে কমপ্লেক্সের উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর (এমপি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন প্রমুখ।

কৃষি প্রণোদনার সার-বীজ বিতরণ

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা বিরামপুর উপজেলায় খরিপ মৌসুমে আউশ ধান চাষে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মঙ্গলবার বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি চত্বরে সার বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল প্রমুখ।

চুয়েটে বিশ্ব পানি দিবস পালিত

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পানিসম্পদ কৌশল বিভাগের আয়োজনে পালিত হলো বিশ্ব পানি দিবস। এ উপলক্ষে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক র্যালি বের হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম ওয়াসার মহাব্যবস্থাপক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ এবং চুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। পরে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে সেমিনার হয়।

দেবীগঞ্জে নবনির্মিত পৌর ডিজিটাল সেন্টার উদ্বোধন

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জে পৌর ডিজিটাল সেন্টারের উদ্বোধন হয়েছে সোমবার। দেবীগঞ্জ পুরাতন কোড বিল্ডিং ভবন এলাকায় পৌরসভার অর্থায়নে ডিজিটাল সেন্টারের ঘর নির্মাণ করা হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান এর উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রুহুল আমীন রয়েলসহ পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির শপথ 

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা ঘোড়াঘাটে সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা মঙ্গলবার শপথ নিয়েছেন। উপজেলা অডিটরিয়াম রুমে সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি নারায়ণ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক স্বরূপ কুমার সাহাসহ ১১ সদস্যের কমিটিকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম।

শ্রীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে  মঙ্গলবার দুদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মাগুরার জেলা প্রশাসক মো. আলী আকবর মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুস সালাম, জেলা নির্বাচন অফিসার ফয়জুল মোল্যা, সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ প্রমুখ।