মানিকগঞ্জে ৭ দফা দাবীতে বাংলাদেশ সড়ক ও জনপথ (সওজ) শ্রমিকদের কর্মবিরতিসহ নানা কর্মসূচি চলছে। রবিবার ৫ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে এই কর্মসূচি।
সওজ কর্মচারী ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদের আয়োজনে সংশ্লিষ্ট অফিস প্রাঙ্গণে অর্ধ কর্মদিবস পালনকালে অবস্থান কর্মসূচী, বিক্ষোভ, প্রতিবাদ সভা পালিত হচ্ছে। এই কর্মসূচি ৯ নভেম্বর পর্যন্ত বলে জানা গেছে।
এ ছাড়া তাদের অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে, ১৪ নভেম্বর জেলা প্রশাসকের বরাবর স্মারক লিপি প্রদান, গুরুত্বপূর্ণ সড়কে মানববন্ধন, ১৯ নভেম্বর হতে ২৩ নভেম্বর পূর্ণ কর্মবিরতি পালন এবং ২৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে কাফনের কাপড় নিয়ে অবস্থান ধর্মঘট।
রবিবার সকাল ১০টায় সড়ক ও জনপথ অফিস প্রাঙ্গণে শ্রমিকরা অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে। এসময় বক্তব্য রাখেন মো. নুরুল ইসলাম, মো. শাহজাহান মিয়া, আব্দুল হক, শহিদুল ইসলাম, মিরাজ হোসেন প্রমুখ।
ইত্তেফাক/জামান
