আলজেরিয়ায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতেও বিক্ষোভ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:৪৯

আলজেরিয়ায় এবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। গতকাল পার্লামেন্ট এই পদে স্পিকার আব্দেলকাদের বেনসালাহকে নিয়োগ দেওয়ার পরই বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের অগ্রভাগে ছিল শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভ ঠেকাতে পুলিশ টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করে। খবর ডেইলি মেইল ও রয়টার্সের

মঙ্গলবার পার্লামেন্টে ভোটাভুটিতে বেনসালাহকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। যদিও বিরোধীরা ভোট দানে বিরত থাকে। সংবিধান অনুযায়ী তিনি ৯০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করবেন এবং জয়ী ব্যক্তি পরবর্তী প্রেসিডেন্ট হবেন। দেশটির সেনাবাহিনী সতর্কভাবে পদক্ষেপ নিচ্ছে। প্রেসিডেন্ট বুতেফলিকাকে অযোগ্য ঘোষণা করে পদত্যাগের জন্য চাপ দিয়েছিল সেনাবাহিনী। পরে তিনি পদত্যাগ করেন। বেনসালাহও বুতেফলিকার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বেনসালাহ সেনাবাহিনী এবং সব নিরাপত্তা বাহিনীকে তাদের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু পার্লামেন্টে নিয়োগের কয়েক ঘন্টা পরই রাজধানী আলজিয়ার্সে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থীদের বিক্ষোভ থামাতে পুলিশ মরিচের গুঁড়া, টিয়ারগ্যাস ও গরম পানি নিক্ষেপ করে। শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকরাও যোগ দিয়েছেন। এদের মধ্যে একজন ট্যাক্সি চালক হাসান রাহমানি জানান, বেনসালাহকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট নিয়োগ দিয়ে বিক্ষোভে ঘি ঢেলে দেওয়া হয়েছে।