ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চম আইইটিএফ আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত

আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১৯:০৭
ইন্টারনেট সোসাইটি (আইসক) বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের যৌথ উদ্যোগে পঞ্চম ‘আইইটিএফ আউটরিচ প্রোগ্রাম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়
 
কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন আইইটিএফ’র সাবেক চেয়ার ও ইন্টারনেট পাইওনিয়ার ফ্রেড বেকার। তিনি তার বক্তব্যে ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স (আইইটিএফ) এর ইতিহাস এবং এর বিভিন্ন কার্যক্রমে কিভাবে যুক্ত হওয়া যায় তা তুলে ধরেন। তিনি এ সময় কিভাবে কাজ করলে আইইটিএফ কার্যক্রমে সহজে কন্ট্রিবিউট করা যায় সে বিষয়ে ধারনা দেন। তিনি বলেন, আইইটিএফ এর বিভিন্ন ওয়ার্কিং গ্রুপের মধ্যে নিজের পছন্দের ওয়ার্কিং গ্রুপে যত বেশি সক্রিয় বা অবদান রাখা যাবে তত ভালো হবে। 
 
IMG0
 
ফ্রেড বেকার এর বাংলাদেশ সফর উপলক্ষে আয়োজিত এ আউটরিচ প্রোগ্রামে আরও বক্তব্য রাখেন ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ড. সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাওছার উদ্দীন, বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর্স গ্রুপ (বিডিনগ) এর বোর্ড অফ ট্রাস্টের চেয়ারম্যান সুমন আহমেদ সাবির এবং আইইটিএফ ৯৯ এ বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী ফেলো শায়লা শারমীন।
 
উল্লেখ্য, এর আগে ইন্টারনেট সোসাইটি (আইসক) বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার এর আয়োজনে আরও চারটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
ইত্তেফাক/সাব্বির