প্যারাডাইস পেপার্স দুর্নীতিতে ৭ শতাধিক ভারতীয়

আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৭:৩৯
 
পানামা কেলেঙ্কারির পর এ বার প্রকাশ্যে প্যারাডাইস পেপার্স দুর্নীতি। আয়কর ফাঁকি দিয়ে বিদেশে নামে-বেনামে কোম্পানি খুলে কালো টাকা জমানোর অভিযোগ উঠেছে ৭১৪ জন বিশিষ্ট ভারতীয় নাগরিকের বিরুদ্ধে।
 
তালিকায় নাম রয়েছে মোদী সরকারের বিমান পরিবহন প্রতিমন্ত্রী জয়ন্ত সিন্‌হা, বিজেপির রাজ্যসভার সংসদ সদস্য তথা প্রাক্তন সাংবাদিক আর কে সিংহ, বিজয় মাল্য থেকে শুরু করে কর্পোরেট লবিস্ট নীরা রাডিয়ার। রয়েছে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলত, কংগ্রেস নেতা সচিন পাইলটের নাম। পানামা কেলেঙ্কারির পর প্যারাডাইস কেলেঙ্কারিতে নাম রয়েছে মেগা স্টার অমিতাভ বচ্চনের। 
 
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, এই তালিকায় রয়েছে ১৮০টি দেশের নাম। তালিকায় রয়েছেন কম করে ৭১৪ জন বিশিষ্ট ভারতীয় নাগরিকের। তালিকায় ভারত রয়েছে ১৯ নম্বরে। 
 
মোদী সরকারের নোট বাতিলের বর্ষপূর্তির ৪৮ ঘণ্টা আগে বিশ্বজোড়া আর্থিক কেলেঙ্কারির হদিশ দিয়েছে ইন্টারন্যাশনাল কনসর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট (আইসিআইজে)। বিশ্বের ১০০টি সংবাদ সংস্থার যৌথ ওই তদন্তে উঠে এসেছে প্রায় ১ কোটি ৩৫ লাখ নথিপত্রের বিপুল ভাণ্ডার। 
 
সেই তদন্তে দেখা গেছে, নামে-বেনামে ওই রাষ্ট্রপ্রধান, রাজনীতিক, শিল্পপতি, ফিল্ম স্টার -সহ সমাজের মান্যগণ্য ব্যক্তিরা বিদেশে কালো টাকা জমিয়ে চলেছেন। নামে ও বেনামে একের পর এক খুলে চলেছেন বেআইনি কোম্পানি। আর দিয়ে চলেছেন আয়কর ফাঁকি। 
 
রবিবার মধ্যরাতে ফাঁস হওয়া কেলেঙ্কারিতে নাম রয়েছে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য সচিবের।  বলা হয়েছে রানির সম্পত্তির প্রায় ১৩ বিলিয়ন ডলার বিদেশে লগ্নি করা রয়েছে। তীব্র চাপে পড়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ উইলবার রস। নয়ের দশকে ট্রাম্পকে দেউলিয়ার হাত থেকে রক্ষা করেছিলেন রস। কৃতজ্ঞতা স্বরূপ রসকে নিজের বাণিজ্য সচিবের পদ দিয়েছিলেন ট্রাম্প।
 
ইত্তেফাক/ইউবি