মানিকগঞ্জে সর্দার ও তার সহযোগীদের নির্যাতনে ইটভাটার শ্রমিক নিহত

আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ২২:২৬

মানিকগঞ্জে ইটভাটার শ্রমিক সর্দার ও তার দুই সহযোগীর নির্যাতনে আব্দুস সালাম ব্যাপারী (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ অভিযোগ নিহতের পরিবারের। নিহত সালাম মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি গ্রামের মৃত মতি ব্যাপারীর ছেলে।

নিহতের মা আনোয়ারা খাতুন জানান, তার পুত্র সালামকে একই গ্রামের শ্রমিক সর্দার মজিবর শিকদার মৌসুমের শুরুতে সিংগাইরের বেরুন্ডি গ্রামে অবস্থিত এম.আই.বি ব্রিক্সে শ্রমিক হিসেবে কাজে নেয়। এরপর থেকে সে নিয়মিতই ঐ ভাটায় কাজ করে আসছিলো। কিন্তু তিন দিন আগে সর্দার মজিবরের কাছে সালাম মজুরীর পাওনা টাকা চাইতে গেলে তাকে কাজে অমনোযোগী ও ফাঁকি দেওয়ার অভিযোগ এনে টাকা দিতে টালবাহানা করে। এ সময় বাক বিতন্ডার এক পর্যায়ে সর্দার মজিবর ও তার দুই সহযোগী শ্রমিক লাভলূ শিকদার ও বকুল শিকদার সালামকে শারীরিক নির্যাতন করে।

নির্যাতনে সালাম সঙ্গাহীন হয়ে পড়লে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তার পরেও সালামের অবস্থার অবনতি হলে খবর পেয়ে তার মা আনোয়ারা খাতুন তার স্বজনদের নিয়ে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে সোমবার বেলা ১১ টায় মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। তাকে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় সে বিকাল ৫টার পর মারা যায়।

এ ব্যাপারে ইট ভাটার মালিক ইসমাইল হোসেন মুঠোফোনে জানান, সর্দার মজিবর তাকে জানিয়েছে এক শ্রমিক অসুস্থাতার জন্য ছুটি নিয়ে গেছে এবং হাসপাতালে তার মৃত্যুর খবর সে শুনেছে। তবে নির্যাতনের কারনে শ্রমিকের মৃত্যু হলে তিনিও জড়িতদের শাস্তি চান।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ খন্দকার ইমাম হোসেন জানান, প্রথমে তিনি শ্রমিক অসুস্থ ও পরে হাসপাতালে মৃত্যুর খবর পেয়ে তদন্তের পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছেন।

ইত্তেফাক/নূহু