সাপাহারে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১২:২৭
 
নওগাঁর সাপাহারে নিখোঁজের সাতদিন পর পুকুর থেকে সুমন কুমার (২২) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলা সদর সংলগ্ন তাজপুর হাড়িপুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
সুমন উপজেলা সদর সংলগ্ন মানিকুড়া দিঘীপাড়া গ্রামের সুকুমারের ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ সেপ্টেম্বর সকাল বাড়ি থেকে বের হন সুমন। তাকে না পেয়ে পরিবারের লোকজন থানায় সাধারণ ডায়রি করেন।
 
সকালে তাজপুর গ্রামের এক ছেলে ওই পুকুরের পানিতে ঝোঁপের মধ্যে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান গ্রামবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। এ সময় লাশটি চেহারার বিকৃতি হলেও পরনের থাকা কাপড় দেখে তার পরিবারের লোকজন লাশটিকে সনাক্ত করে।
 
পুলিশ প্রাথমিক ভাবে তার মৃত্যুর কারণ উদঘাটন করতে না পারলেও এলাকাবাসী ও তার পরিবারের লোকজন বলছে ছেলেটি নেশা পান করতেন এবং অনেক দিন থেকে সে মৃগি রোগে ভুগছিলেন। সবার অজান্তে পুকুর পাড়ে নেশা করে মৃগি রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে।
 
সাপাহার থানার ওসি শামসুল আলম শাহ জানান, ওই যুবকের নিখোঁজের দিনই তার পরিবারের থেকে থানায় একটি নিখোঁজ ডায়রী করা হয়েছিল। লাশের ময়নাতদন্ত করার জন্যে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএম।