বাসচাপায় নিহত বিইউপির শিক্ষার্থী আবরার আহম্মদ চৌধুরীর পরিবারকে তাত্ক্ষণিক ক্ষতিপূরণ হিসেবে দশ লাখ টাকা প্রদানের আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।
গত ২০ মার্চ হাইকোর্ট এই ক্ষতিপূরণ সাত দিনের মধ্যে আবরারের পরিবারকে দিতে সুপ্রভাত বাস কোম্পানিকে নির্দেশ দেয়। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যায় ওই বাস কোম্পানি। আবেদনের পক্ষে আইনজীবী মো. বদরুদ্দোজা ও রিটকারী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বাস কোম্পানির আবেদন খারিজ করে দেয়।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ১৯ মার্চ সকালে বাসচাপায় নিহত হন। বিশ্ববিদ্যালয়ের যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়ে নদ্দায় যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়ে থাকা বিইউপির বাসে উঠতে যাচ্ছিলেন তিনি। সে সময় সুপ্রভাত নামক বাসটি জেব্রা ক্রসিংয়ে তাকে চাপা দেয়। এ ঘটনায় রাজধানীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন।
