প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুলের ভাই

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২৩:১১

ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই পৌর মেয়র মির্জা ফয়সল আমীন। সোমবার শহরের স্বর্ণকার পট্টি থেকে মির্জা পেট্রোল পাম্প পর্যন্ত পৌনে দুই কিলোমিটার রাস্তার পুনঃপাকাকরণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

পৌর মেয়র বলেন, আমি ধন্যবাদ জ্ঞাপন করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি সংসদ নির্বাচনের পূর্বে জনসভায় ঘোষণা দিয়েছিলেন ঠাকুরগাঁও পৌরসভার দাবিগুলো বাস্তবায়ন করা হবে। এরই ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার এই রাস্তা পুনঃপাকাকরণে বরাদ্দ এসেছে ১ কোটি ৮৫ লাখ টাকা। তিনি আরো বলেন, পৌরবাসীর ভোটের মাধ্যমে তিন বছর আগে মেয়র নির্বাচিত হয়েছি। কিন্তু বিগত ৩ বছরে পৌরবাসীর জন্য কোনো উন্নয়নমূলক কাজ করতে পারিনি। এই ব্যর্থতার দায় স্বীকার করেন তিনি।

প্রসঙ্গত, সড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন।