ডা. আব্দুন নুর বুলবুল
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুন নুর বুলবুল (৫৯) গত সোমবার সকালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে মারা যান। তিনি এক পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। প্রয়াত ডা: বুলবুল চিকিত্সকদের সংগঠন বি.এম.এ কক্সবাজার জেলা শাখার কোষাধ্যক্ষ, সর্বশেষ কক্সবাজার শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার অফিসের কো-অর্ডিনেটর পদে কর্মরত ছিলেন। উল্লেখ্য যে, তিনি ঢাকাস্থ রামু সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা উদ্যোক্তা মরহুম বিচারপতি আমিরুল কবির চৌধুরীর ভাগিনা।
সবুরন নেসা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক কার্যনির্বাহী সদস্য ও বাংলা নিউজ ২৪ ডটকমের সিনিয়র করেসপন্ডেন্ট এস এম এ কালামের মাতা সবুরন নেসা রবিবার সন্ধ্যায় রাজধানীর শেওড়াপাড়ার নিজ বাড়িতে অসুস্থ হলে তাকে জাতীয় হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। চিকিত্সাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টায় কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন(ইন্নালিল্লাহি--- রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে উচ্চচাপ ও হার্টের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ৩ পুত্র, ৬ কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। গতকাল সোমবার সকাল সোয়া ১০টায় নামাজে জানাজা শেষে শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের বড় মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়েছে। এস এম এ কালামের মাতা সবুরন নেসার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান আজ এক বিবৃতিতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
মাস্টার শাহজাহান
চন্দনাইশ জোয়ারা বিশ্বম্বর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফতেনগর সিকদার পাড়ার নিবাসী মাস্টার শাহজাহান গত সোমবার সন্ধ্যায় চট্টগ্রামস্থ অক্সিজেনের বাসায় ইন্তেকাল করেন (ইন্না--রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে যান। মঙ্গলবার বাদআছর সিকদার পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মাস্টার শাহজাহানের মৃত্যুতে জোয়ারা বিশ্বম্বর চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে প্রধান শিক্ষক প্রমোদ রঞ্জন বড়ুয়া গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মো. বেলায়েত হোসেন
গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীবের বাবা মো. বেলায়েত হোসেন (৭৮) গত সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। বেলায়েত হোসেন স্ত্রী, এক পুত্র ও তিন কন্যা রেখে গেছেন। মঙ্গলবার ঢাকার ১২৩ নং শেওড়াপাড়াস্থ বেলতলা জামে মসজিদে বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দাবাড়ু রাজীবের বাবার মৃত্যুতে বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, সংগঠকবৃন্দ, দাবা বিচারকবৃন্দ ও দাবা খেলোয়াড়বৃন্দ গভীর শোক প্রকাশ করেছে। সেই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
