টাঙ্গাইলে আড়াই কোটি টাকার কোকেনসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ২০:৩৪
 
টাঙ্গাইলের মির্জাপুরে আড়াই কোটি টাকার এক কেজি কোকেনসহ আন্তজেলা মাদক ব্যবসায়ী স্বপন মৃধাকে (৩০) আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে উপজেলার কোদালিয়া গ্রামের মেঘা মিয়ার বাড়ির কাছ থেকে তাকে আটক করা হয় বলে জানান মির্জাপুর থানার ওসি একেএম মিজানুল হক মিজান। 
 
এ উপলক্ষে মঙ্গলবার রাতে মির্জাপুর থানায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন টাঙ্গাইল জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. শাহাদত হোসেন।
 
মো. শাহাদত হোসেন বলেন, তারা জানতে পারেন স্বপন ও তার সহযোগিরা দীর্ঘ দিন ধরে টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলে মাদক ব্যবসা করে আসছেন। পুলিশ তাকে বেশ কিছু দিন ধরে নজরে রাখছে। মঙ্গলবার তারা তথ্য পান মাদকব্যবসায়ী স্বপন মৃধা কোকেন নিয়ে উপজেলার কোদালিয়া গ্রামের মেঘা মিয়ার বাড়ির সামনে অবস্থান করছেন। মির্জাপুর থানার ওসি মিজান, সেকেন্ড অফিসার মনিরুজ্জামান মুন্সি, এসআই বদিউজ্জামান, আলাউদ্দিনসহ পুলিশ সদস্যরা ওই বাড়ির চারপাশ ঘেরাও করে স্বপনকে এক কেজি কোকেনসহ আটক করে। কালো রংয়ের প্যাকেটে লেখা রয়েছে মেইড ইন আফগানিস্তান।
IMG0
স্বপনের বাবার নাম মৃত তারা মৃধা। তার বাড়ি মির্জাপুর উপজেলার গোড়াইল গ্রামে। স্বপনের সঙ্গে দেশি ও বিদেশি আন্তজেলা মাদক চক্রের একটি প্রভাবশালী মহল জড়িত বলে পুলিশ দাবি করেছে। তদন্তের স্বার্থে এই চক্রের সদস্যদের নাম প্রকাশ করেননি।
 
ইত্তেফাক/আরকেজি