'ঋত্বিক ঘটক' চলচ্চিত্র উৎসব সমাপ্ত

আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ০৯:৩৯
 
ঋত্বিক ঘটক সম্মাননা পদক বিতরণী ও চলচ্চিত্র উৎসবের সমাপনী মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষে ৪দিন ব্যাপী ওই উৎসবের আয়োজন করে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি।
 
রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মিলনায়তনে অনুষ্ঠানটির সমাপনী অনুষ্ঠানে ব্রাত্য বসু ও  জয়া আহসানের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়। অনিবার্য কারণে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তার হয়ে পদক গ্রহণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর সাইদুর রহমান খান।
 
ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা.এফ.এম.এ জাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ভাষা সৈনিক আবুল হোসেন, যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক সাবেক হাই কমিশনার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ আওয়ামীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক ড. সাইদুর রহমান খান, ভারতীয় সহকারী হাইকমিশনার রাজশাহী অভিজিৎ চট্টোপাধ্যায়, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের কাউন্সিল সদস্য প্রেমেন্দু মজুমদার, রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবির লিটন, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মাসুদ প্রমুখ অতিথি ছিলেন। পরে অতিথিরা ঋত্বিক চলচ্চিত্র প্রদর্শনী দেখতে রাজশাহী মাহনগরীর লালন মঞ্চ পদ্মা পাড়ে যান।
 
এর আগে, ৪ নভেম্বর ঋত্বিক ঘটকের ৯২তম জন্মদিনে তার জন্মভিটা রাজশাহীতে ভিকে জোসেফ, অধ্যাপক ফজলুল হক ও অধ্যাপক রুহুল আমিন প্রামানিকের হাতে ঋত্বিক ঘটক সম্মাননা পদক তুলে দেওয়া হয়। এবার ভারত-বাংলাদেশ থেকে পুরস্কার পেয়েছেন, ভিকে জোসেফ, আসাদুজ্জামান নূর, ব্রাত্য বসু, অধ্যাপক ফজলুল হক, অধ্যাপক রুহুল আমিন প্রামানিক ও জয়া আহসান।
 
থিয়েটার ও সিনেমায় ভূমিকা রাখার জন্য সেরা অভিনেতা-অভিনেত্রীদের প্রতি বছর 'মেঘে ঢাকা তারা' খ্যাত নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের নামে পুরস্কার দেয়া হয়। গত ৫, ৬ ও ৭ নভেম্বর প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রাজশাহী মাহনগরীর লালন মঞ্চ পদ্মা পাড়ে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ৫ নভেম্বর শিবলী নোমানের চলচ্চিত্র (ত্রি), তাওকীর ইসলামের চলচ্চিত্র (আয়না) ও শাহরিয়ার চয়নের (গন্তব্যহীন)। ৬ নভেম্বর মাহমুদ হোসেন মাসুদের (আলোর দেখা), শাহরিয়া হাসান শুভোর (বিবেক), নাহিদা সুলতানা সুচির (ঘুড়ি) ও বিভাস রায়ের (মায়োসিস) ও ৭ নভেম্বর আহসান কবীর লিটনের (প্রত্যাবর্তন) চলচিত্র প্রদর্শিত হয়।
 
ঋত্বিকের পুরো নাম ঋত্বিক কুমার ঘটক। তিনি ১৯২৫ সালের ৪ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন, মারা যান কলকাতায় ১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি। বর্তমানের রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজটিই চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের পৈত্রিক নিবাস। ঋত্বিক ঘটক চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ শেষ করেন রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে। ১৯৪৬ সালে আইএ পরীক্ষা দেন রাজশাহী কলেজ থেকে। ১৯৪৭ সালে দেশ ভাগের পরপরই পরিবারের সঙ্গে চলে যান ভারতে। তার নির্মিত চলচ্চিত্রগুলো এখনও দর্শকদের বিমোহিত করে।
 
ইত্তেফাক/জামান