সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী জান্নাতুল ফেরদৌস জয়া নিহতের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ স্কুল শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ফুলবাড়িয়া এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে তারা। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় গত ২ এপ্রিল বিকেলে চট্টগ্রামগামী তিশা পরিবহনের একটি বাস জয়াকে বহনকারী রিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে জয়া ও রিকশাচালক গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় চারদিন পর জয়ার মৃত্যু হয়।
জয়ার মৃত্যুতে ওই স্কুলের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
