রূপগঞ্জে বালু ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৫

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ০০:২৫

রূপগঞ্জে বালু ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে। গত সোমবার রাতে উপজেলার পাঁচাইখা এলাকায় ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায়, পাঁচাইখা এলাকার ব্যবসায়ী মনির হোসেনের মালিকানাধীন পুকুরে বালু ভরাটের কাজ হাতে পায় নাজমুল হাসান সবুজ। বালু ভরাট করার জন্য পাইপলাইন স্থাপন করার কাজে প্রতিপক্ষ এমরান হোসেনসহ তার লোকজন বাধা প্রদান করে আসছে। সোমবার সন্ধ্যায় এমরানসহ তার লোকজন ফের বাধা দেয়। এ নিয়ে রাতে এমরান হোসেনের লোকজনের সঙ্গে নাজমুল হাসান সবুজের লোকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় গ্রুপের লোকজন ধারালো ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে  পাঁচজন আহত হয়। এ সময় নাজমুলের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। আহতদের মধ্যে নাজমুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এমরানের ছোট ভাই ইমনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।আবারো সংঘর্ষের আশঙ্কা এলাকাবাসীর। এ ঘটনায় উভয়পক্ষই রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে।