কারখানা শ্রমিককে পিটিয়ে হত্যা

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ০০:২৬

সাভারে পূর্ব শত্রুতার জের ধরে এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সহকর্মীদের বিরুদ্ধে। সোমবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মারমোড় এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই নিহতের পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। নিহত শ্রমিকের নাম আবুল কাশেম (২৫)। সে রংপুর জেলার পীরগঞ্জ থানার বড়ভগবানপুর গ্রামের শহিদুল হোসেনের ছেলে। সে তেঁতুলঝোড়া ইউনিয়নের হরিণধরা এলাকায় ভাড়া বাড়িতে থেকে স্থানীয় পদ্মারমোড় এলাকার পদ্মা টিউব ক্যান কারখানায় কাজ করত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ৯টার দিকে পদ্মা টিউব ক্যান কারখানার শ্রমিক আবুল কাশেম কাজ শেষে বাড়ির উদ্দেশে রওনা দেয়। এসময় আগে থেকেই কারখানার সামনে অবস্থান নিয়ে থাকা তার কয়েকজন সহকর্মী পূর্বশত্রুতার জের ধরে তাকে বেধড়ক মারপিট করে। মারধরের একপর্যায়ে আবুল কাশেম মাটিতে লুটিয়ে পড়লে সহকর্মীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে এনাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) গোলাম নবী বলেন, নিহত শ্রমিকের মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে সহকর্মীদের সাথে পূর্ববিরোধের জের ধরে মারধরের একপর্যায়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।