ভারতের ছত্তিশগড়ে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির নির্বাচনী বহরে হামলায় দলটির এক বিধায়কসহ ৫ জন নিহত হয়েছে। কাল প্রথম দফায় একটি আসনে ভোট গ্রহণের আগে এই হামলার ঘটনা ঘটলো। এদিকে কাশ্মিরে সন্ত্রাসীর গুলিতে আরএসএস নেতাসহ দুইজনের প্রাণ গেছে।
ছত্তিশগড়ে ১১টি আসনের মধ্যে বৃহস্পতিবার প্রথম দফায় মাত্র একটি আসন দন্তেওয়াড়ায় ভোট হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে দন্তেওয়াড়ার কিরডুল এলাকায় একটি প্রচার কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ভীমা মান্ডপি। প্রচার শেষ করে ফিরছিলেন নকুলনার এলাকায়। ফেরার পথে একটি শর্টকার্ট রাস্তা নেয় তার বহর। সেই রাস্তাতেই নকুলনার থেকে চার কিলোমিটার আগে শ্যামগিরির কাছে হামলা চালায় মাওবাদীরা। পুলিশ জানিয়েছে, মাওবাদীরা রাস্তার পাশে বিস্ফোরক পুতে রেখেছিল। বিধায়কের গাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে দূর নিয়ন্ত্রিত যন্ত্রের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়।
এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কিস্তওয়ার শহরের একটি স্বাস্থ্য কেন্দ্রে এক সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি চালালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) নেতা চন্দরকান্ত শর্মা ও তার নিরাপত্তারক্ষী রাজিন্দার নিহত হন। পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, সন্ত্রাসী আগে থেকেই নেতার গতিবিধি নজরদারি করছিল। সুযোগ পেয়েই সে হামলা চালায়। -এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা ও টাইমস অব ইন্ডিয়া
