বেনাপোল স্থলবন্দরে নিজেদের এক কর্মচারী আটকের প্রতিবাদে সড়ক অবরোধ সহ দু'দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন। বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে।
সকাল থেকে কয়েক হাজার কর্মচারী বেনাপোল যশোর সড়ক অবরোধ করে বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বেনাপোল থেকে দূর পাল্লার যাত্রীবাহী বাস সহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বন্দর থেকে মালামাল লোড-আনলোড সহ সব প্রক্রিয়া বন্ধ রয়েছে। ফলে চাল ও পচনশীলপণ্য সহ শতশত পণ্য বোঝাই ট্রাক আটকে আছে উভয় বন্দর এলাকায়।
উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ১০টায় বেনাপোল বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালে ভারতীয় একটি ট্রাকে আগ্নেয়াস্ত্র রয়েছে এমন খবর আসে কর্তৃপক্ষের কাছে। পরে কাস্টমস, বন্দর, বিজিবি, পুলিশসহ বিভিন্ন সংস্থার উপস্থিতে ট্রাকের ডালার পেছনে কাগজে মোড়ানো প্যাকেট থেকে পুরাতন একটি দেশি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড বন্দুকের গুলি পাওয়া যায়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানা পুলিশ রাতেই মিকাইল নামে এক কর্মচারীকে আটক করে।
এ দিকে প্রশাসনিক সংস্থার উপস্থিতির খবর পেয়ে ট্রাক থেকে আগেই পালিয়ে যায় ভারতীয় ট্রাক চালক। ওই ট্রাকের পণ্য চালানের আমদানিকারক ঢাকার ইউনিয়ন লেবেল এক্সসারিজ লি.। আটক কর্মচারী মিকাইল হোসেনের নিঃশর্ত মুক্তি না দেয়া পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে জানান আন্দোলনকারীরা।
ইত্তেফাক/জামান
