তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আইন ও আদালতকে সমুন্নত রাখার স্বার্থেই তারেক রহমানকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার, এখানে প্রতিহিংসার কোনো কারণ নেই। তারেক রহমান যদি মনে করেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন, তাহলে তো তার নিজেরই দেশে চলে এসে আদালতে আত্মসমর্পণ করার কথা। কিন্তু তার দুর্নীতি ও হত্যা মামলার অপরাধ এত সুস্পষ্ট যে, তার সেই সত্ সাহস নেই। গতকাল মঙ্গলবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার উপকমিটির সভার শুরুতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, তারেক রহমানের দুর্নীতি বাংলাদেশ সরকার উদঘাটন করেনি, করেছে, যুক্তরাষ্ট্রের এফবিআই। আর একুশে আগস্টের গ্রেনেড হামলায় তার অপরাধ সাক্ষ্যপ্রমাণে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। বিএনপিরই উচিত ছিল তাকে বাদ দেওয়া। কিন্তু তা না করে তারা একজন দুর্নীতি ও ফৌজদারি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামিকে রাজনৈতিক সুরক্ষা দেবার অপচেষ্টা করছে। বিএনপি এখনও তাকে রাজনৈতিক সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে। তথ্যমন্ত্রী বলেন, দেশের রাজনীতির জন্য বিএনপির এ ধরনের কর্মকাণ্ড যেমন দুঃখজনক, তেমনি দেশের সুশাসনের জন্যও তা বড় অন্তরায়। ড. হাছান মাহমুদের সভাপতিত্বে দলটির প্রচার উপ-কমিটির সভায় উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রচার উপ-কমিটির সহ-সম্পাদক ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন প্রমুখ উপস্থিত ছিলেন।
