দশ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ০১:০০

দশ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নারায়ণগঞ্জের বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জাঙ্গাল এলাকার নির্মাণাধীন ক্যান্সার রিচার্স ফাউন্ডেশনের কাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হুমকিতে নির্মাণ কাজে নিযুক্ত ঠিকাদার পালিয়ে বেড়াচ্ছেন। গতকাল সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে ঠিকাদার মনির হোসেন এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত চার বছর ধরে তিনি জাঙ্গাল এলাকায় বেসরকারিভাবে নির্মাণাধীন ক্যান্সার রিচার্স ফাউন্ডেশন নামক হাসপাতালে বালু ভরাটসহ বিভিন্ন নির্মাণ কাজ করছেন। স্থানীয় বন্দর থানার কেওঢালা গ্রামের বাসিন্দা ও থানার আরিফুল ইসলাম ওরফে আলী নূর, শাহীনুর, রানা, আবুল ও মফিজুলসহ আরো কয়েক সহযোগী আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে ও তার ভাইকে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। গত ৭ এপ্রিল কেওঢালা এলাকায় তাকে একা পেয়ে সন্ত্রাসীরা মারপিট করে। এ ঘটনায় তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য পুলিশের আইজির সুদৃষ্টি কামনা করেন।